দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাগুরায় প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে পাকিস্তানি কেনু জাতের কমলা। মাত্র একটি চারা থেকে কলমের মাধ্যমে ২৬০টির বেশি চারা তৈরি করে দেড় বিঘা জমিতে বাগান গড়ে তুলেছেন মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়নের রামনগর নতুনপাড়া গ্রামের হারুন অর রশিদ। তাঁর বাগানের প্রতিটি গাছে ঝুলছে হলুদ রঙের কমলা। বাগানটি দেখতে দূরদূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। পাকিস্তানি কেনু জাতের পাশাপাশি তিনি চাষ করছেন চায়না জাতের কমলাও।
সরেজমিনে দেখা যায়, ৮ থেকে ১০ জন শ্রমিক কমলার চারা উৎপাদনের কাজে ব্যস্ত। বর্তমানে তাঁর নার্সারিতে পাকিস্তানি কেনু জাতের প্রায় ৩০ হাজার চারা রয়েছে। প্রতিটি চারা ২০০ টাকা দরে বিক্রি করছেন তিনি।
উদ্যোক্তা হারুন অর রশিদ জানান, ২০২২ সালে ভারত থেকে একটি চারা সংগ্রহ করে নিজের নার্সারিতে রোপণ করেন তিনি। পরে ওই গাছ থেকে কলমের মাধ্যমে ২০০টির বেশি চারা তৈরি করেন। সেসব চারা দেড় বিঘা জমিতে রোপণ করেন। চারা লাগানোর পর থেকেই সার, ওষুধ প্রয়োগ ও পরিচর্যায় বাড়তি গুরুত্ব দেন।
তিনি বলেন, কমলা চাষে জৈব সারের পাশাপাশি ছত্রাকনাশক ও মাকড়নাশক ব্যবহার করতে হয়। এতে গাছের ফলন ভালো হয়। চারা রোপণের দুই বছর পর, ২০২৫ সালের নভেম্বর থেকে প্রতিটি গাছে ফল আসতে শুরু করে। প্রথমে সবুজ থাকলেও ধীরে ধীরে কমলাগুলো হলুদ রং ধারণ করে।
হারুন অর রশিদ বলেন, চলতি বছর বাগান থেকে দুই থেকে তিন লাখ টাকা আয় হবে বলে আশা করছেন তিনি। বর্তমানে স্থানীয় ব্যবসায়ীরা তাঁর বাগান থেকে পাইকারি ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে কমলা কিনে নিচ্ছেন।
তিনি আরও জানান, এ মৌসুমে বাগানে ১০ জন শ্রমিক কাজ করছেন। নার্সারিতে প্রায় ৩০ হাজার চারা উৎপাদন করেছেন তিনি। কমলার চাষ মাগুরার বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিতে চান এই উদ্যোক্তা। তাঁর দেখাদেখি অনেকেই এ চাষে আগ্রহী হচ্ছেন। ইতিমধ্যে চাষ সম্প্রসারণের জন্য ১০ বিঘা জমি প্রস্তুত করেছেন। আগামী মৌসুমে আরও দুই থেকে তিনটি কমলার বাগান করার পরিকল্পনা রয়েছে তাঁর।
হারুন অর রশিদ বলেন, কৃষি বিভাগের পরামর্শ ও সহযোগিতা নিয়ে এ চাষে আরও সফল হওয়ার আশা করছেন তিনি। পাকিস্তানি কেনু জাতের প্রতিটি কমলার ওজন ২০০ থেকে ৩৫০ গ্রাম পর্যন্ত হয়। অন্যদিকে চায়না জাতের কমলা আকারে ছোট হলেও খেতে সুস্বাদু ও মিষ্টি। সারা বছর এ কমলার চাষ করা গেলেও নভেম্বর থেকে জুন মাস পর্যন্ত চারা রোপণের উপযুক্ত সময়।
মাগুরা সদর উপজেলা কৃষি কর্মকর্তা নূর এ নবী বলেন, মাগুরার মাটি কমলা চাষের জন্য উপযোগী। হারুন অর রশিদ পাকিস্তানি কেনু ও চায়না জাতের কমলা চাষ করে এলাকায় আলোচিত হয়েছেন। কৃষি বিভাগ থেকে তাঁকে সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, হারুন অর রশিদ ছাড়াও মাগুরায় অনেকে এ কমলা চাষে আগ্রহী হচ্ছেন। জেলায় এ চাষ সম্প্রসারণে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও প্রশিক্ষণ দেওয়া হবে।
এমএস/